শেরপুরে শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান
- আপডেট সময় : ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সারাদেশের মতো শেরপুরেও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দেশের ৬৪ জেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক প্রভাষক এবিএম মামুনুর রশিদ পলাশ, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান। IBAS++ পদ্ধতির মাধ্যমে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে প্রদান নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেরপুরের কামারচরের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমানের সঙ্গে কথা বলেন এবং সুবিধার অর্থ পেয়ে তার অনুভূতি জানতে চান। মোখলেছুর রহমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমানের হাতে কল্যাণ সুবিধার অর্থের চেক তুলে দেন।




















