শেরপুরে নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে নেই কার্যকর উদ্যোগ
- আপডেট সময় : ০৪:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হলেও শেরপুরের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠীদের জীবনমানের তেমন উন্নতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এখনো কৃষিকাজ, মাছ শিকার, ধান রোপণ-কাটা ও লাকড়ি বিক্রির মতো সনাতন পেশার ওপর নির্ভরশীল তারা।
শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে গারো, কোচ, হাজং, বানাই, ডালু, বর্মণ ও হদি সম্প্রদায়ের মানুষের বসবাস। স্থানীয়দের অভিযোগ, দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব, দুর্বল যোগাযোগব্যবস্থা ও শিক্ষার সুযোগের সীমাবদ্ধতায় তারা পিছিয়ে রয়েছেন। নিজস্ব ভাষা-সংস্কৃতি সংরক্ষণেও সরকারি উদ্যোগ চান তারা।
নৃ-গোষ্ঠীর নেতারা কর্মসংস্থান, শিক্ষা, ভূমির অধিকার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, শিক্ষাবৃত্তি, সাইকেল ও সেলাই মেশিনসহ বিভিন্ন সরকারি সহায়তা দেওয়া হচ্ছে এবং জীবনমান উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে।



















