শিক্ষাপ্রতিষ্ঠানে ৫, ১০ ও ১৬ দিনের লম্বা ছুটি
- আপডেট সময় : ১২:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও স্তরভেদে এই ছুটির মেয়াদে পার্থক্য থাকছে। কোথাও পাঁচ দিন, কোথাও ১০ দিন, আবার কোথাও টানা ১৬ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এবার দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বিরতির সময় আরও দীর্ঘ হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী এ পার্থক্য দেখা যাচ্ছে।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়
শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।
এ ছাড়া ২৩ ও ২৪ অক্টোবরও সাপ্তাহিক ছুটি। ফলে দুর্গাপূজার সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা টানা নয় দিনের বিরতি পাবেন।
এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটি দাঁড়াবে ১০ দিন। অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের টানা ছুটি থাকবে।
কলেজে টানা ১৬ দিনের ছুটি
কলেজ পর্যায়ে ছুটির মেয়াদ আরও বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে কলেজের শিক্ষার্থীরা ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ১৬ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
মাদরাসায় পাঁচ দিনের ছুটি
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি থাকবে।
এর পরের ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
বিশ্ববিদ্যালয়ের ছুটি নির্ধারণ করবে কর্তৃপক্ষ
বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির সময়সূচি ভিন্ন হতে পারে। কারণ, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি নির্ধারণ করে।
তাই কোনো বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি কতদিন থাকবে, তা জানতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, ওয়েবসাইট বা দাপ্তরিক বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
সার্বিকভাবে, এবারের দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানভেদে পাঁচ থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে কলেজ পর্যায়ে সাপ্তাহিক ছুটি ও নির্ধারিত সরকারি ছুটি একসঙ্গে পড়ায় শিক্ষার্থীরা দীর্ঘ বিরতি পাচ্ছেন।




















