রাসায়নিক দিয়ে কদবেল পাকানোয় জরিমানা, ধ্বংস ২৩ বস্তা
- আপডেট সময় : ০৩:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে রাসায়নিক পদার্থ ব্যবহার করে কদবেল পাকানোর দায়ে টুকু ফল ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে দোকানটিতে থাকা ২৩ বস্তা রাসায়নিক মিশ্রিত কদবেল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
রাসায়নিক মেশানো ২৩ বস্তা কদবেল ধ্বংস
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার বড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ অভিযানে ফল ও মাংসের বাজার তদারকি করা হয়।
এ সময় বড় বাজারের মাথাভাঙ্গা সেতুসংলগ্ন ফলপট্টিতে অবস্থিত টুকু ফল ভান্ডারে রাসায়নিক পদার্থ ব্যবহার করে কদবেল পাকানোর প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি দোকানটিতে থাকা ২৩ বস্তা রাসায়নিক মিশ্রিত কদবেল জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানের সময় বাজারের অন্যান্য ফল ব্যবসায়ীকেও ফল পাকাতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে ছিলেন যারা
অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
এ সময় সহযোগিতা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহিনুজ্জামান, চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং পুলিশের একটি দল।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার তদারকি অব্যাহত থাকবে। খাদ্যপণ্য পাকানো বা সংরক্ষণে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





















