প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন
রাষ্ট্রপতি নির্বাচনে কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে
- আপডেট সময় : ০৪:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটের গোপনীয়তার চেয়ে স্বচ্ছতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে কোন সংসদ সদস্য কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন, তা গোপন থাকবে না।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দীন। গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দেশ-বিদেশের বিশেষ নজরের মধ্যে নির্বাচনটি সুন্দর, স্বচ্ছ ও ঐতিহাসিকভাবে আয়োজনের আশা প্রকাশ করেন তিনি।
সিইসি জানান, সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। ১৯৯১ সালের পর সংসদীয় পদ্ধতিতে এবারই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন এমন নির্বাচন না হওয়ায় অভিজ্ঞতার ঘাটতি থাকলেও প্রয়োজনীয় মহড়া ও প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
তফসিল অনুযায়ী ১৩ আগস্ট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে দুটি ড. অলি আহমদের এবং একটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে। যাচাই-বাছাইয়ে তিনটিই বৈধ হয়। একই প্রার্থীর দুটি মনোনয়নপত্রের একটি অতিরিক্ত হিসেবে গণ্য হওয়ায় শেষ পর্যন্ত দুই প্রার্থীর মধ্যে ভোট হচ্ছে। ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। সংসদ সদস্যরাই এ নির্বাচনের ভোটার। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে।
ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই গণনা শুরু হবে। সিইসি নিজেই ফলাফল ঘোষণা করবেন। ভোট ও গণনার পুরো প্রক্রিয়া স্বচ্ছ থাকবে এবং সংসদ সদস্যরা কক্ষে উপস্থিত থাকতে পারবেন।
ব্যালটে প্রার্থী ও ভোটারের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকায় কে কাকে ভোট দিয়েছেন, তা গোপন থাকবে না। ভিআইপি ভোটারদের ভোটদান ও ফল গণনার পর্ব বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
ভোটের দিন সংসদ ভবনের ভেতরে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে অতিরিক্ত বা কোটি কোটি টাকা ব্যয়ের যে খবর ছড়িয়েছে, সেটিকে গুজব বলেও দাবি করেছেন সিইসি।





















