ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
আওলাদ রুবেল, ময়মনসিংহ
- আপডেট সময় : ০৩:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় পাসপোর্ট অফিসের সামনে মো. রাব্বী (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাব্বী একটি বেসরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী এবং পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের দোকান চালাতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকজন দুর্বৃত্ত রাব্বীর ওপর হামলা চালালে তিনি দোকানে আশ্রয় নেন। পরে হামলাকারীরা দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। প্রতিবেশী সাব্বির ও তার ভাই এ ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

























