মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- আপডেট সময় : ০৪:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে বাংলাদেশে বড় পরিসরে মার্কিন বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।
বুধবার রাজধানীর মতিঝিলে মার্কিন ৩৩ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়াতে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার।
বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি নীতি, ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স ও বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা হয়। পাট, চামড়া ও শিপ রিসাইক্লিং খাতকে বড় রপ্তানি খাতে রূপান্তরের উদ্যোগের কথাও জানান মন্ত্রী।
তিনি বলেন, আইটি খাতের ফ্রিল্যান্সার ও প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক লেনদেন সহজ করতে ব্যাংকিং খাতে সংস্কার চলছে। পাশাপাশি ব্যবসা সহজীকরণের অংশ হিসেবে সারা দেশের ট্রেড লাইসেন্সের জন্য একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু করা হবে। এর মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে অনলাইনে আবেদন করে ট্রেড লাইসেন্স নেওয়া ও ডাউনলোড করা যাবে।
























