মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন
- আপডেট সময় : ০৩:৫২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মালদ্বীপে চার জাতির ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা ফুটবলার আল-আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় মিডফিল্ডার মিরাজুল ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে দুই ম্যাচ।
গত ৭ জুন মালদ্বীপের বিপক্ষে ম্যাচে যোগ করা সময়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বল দখলের লড়াইয়ে বাংলাদেশের পিয়াস আহমেদের সঙ্গে সংঘর্ষে মালদ্বীপের হাসান ইনাজ পড়ে গেলে রেফারি স্বাগতিকদের পক্ষে ফ্রি-কিক দেন। এ সিদ্ধান্তকে ঘিরে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
সাইড বেঞ্চ থেকে উঠে এসে প্রতিবাদ করায় প্রথমে লাল কার্ড দেখেন মিরাজুল ইসলাম। পরে মাঠে রেফারির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে লাল কার্ড পান আল-আমিন। একপর্যায়ে রাগের বশে রেফারিকে ধাক্কাও দেন তিনি।
ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। ফিফার ১৫ ম্যাচের নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ জাতীয় দলের ম্যাচের হিসাব অনুযায়ী আনুমানিক দুই বছর আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকতে হতে পারে আল-আমিনকে।
বাংলাদেশের কোনো ফুটবলারের জন্য এটি সাম্প্রতিক সময়ে অন্যতম বড় নিষেধাজ্ঞা। এর আগে ১৯৮৯ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করার ঘটনায় তৎকালীন বাংলাদেশ অধিনায়ক ইলিয়াস হোসেনকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
আল-আমিনের জন্য নিষেধাজ্ঞার ঘটনা অবশ্য নতুন নয়। ২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে কয়েকজন ফুটবলারের সঙ্গে তাকেও এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।


























