মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০১:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বিগত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে একের পর এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মানহীন এসব বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। অনেক প্রতিষ্ঠানকে শিক্ষার পরিবর্তে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু সংখ্যা দিয়ে নয়
রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষার সাফল্য শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক এবং শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য শোভন কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের শিক্ষাব্যবস্থাকে বর্তমান অবস্থা থেকে বের করে আনতে হবে। একই সঙ্গে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
জাতীয় শিক্ষাব্যবস্থায় বৈষম্য দূর করার আহ্বান
দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধারা ও বৈষম্য বিরাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শিক্ষার সুযোগ, মান এবং অর্জিত দক্ষতার ক্ষেত্রে ব্যাপক পার্থক্য রয়েছে। এসব বৈষম্যের গ্রহণযোগ্য সমাধান জরুরি।
বিভিন্ন শিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান বিশ্বপর্যায়ে উন্নীত করতে হবে। তবে এ অগ্রযাত্রায় দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না।
কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম তৈরির তাগিদ
রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে।
এ ছাড়া ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন দক্ষতা জরুরি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তি কর্মজগতের প্রচলিত ধারণা বদলে দিচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, বর্তমানে যে জ্ঞান ও দক্ষতা নিয়ে মানুষ কাজ করছে, কয়েক বছর পর সেই কাজের জন্য সম্পূর্ণ নতুন দক্ষতার প্রয়োজন হতে পারে। তাই শুধু একটি ডিগ্রি অর্জন করলেই চলবে না। প্রতিনিয়ত নতুন কিছু শেখার মানসিকতা, স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে।
একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা তৈরি করতে হবে। প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন মানুষের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধ দুর্বল না করে, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।
সনদ অর্জনই শিক্ষার শেষ নয়
সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়। এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। একই সঙ্গে অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার।
তিনি বলেন, ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে। কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।
উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সমাজের সুবিধাপ্রাপ্ত একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, তাদের শিক্ষার পেছনে পরিবার ও রাষ্ট্রকে অনেক মূল্য দিতে হয়েছে। তাই দেশ ও পরিবারের প্রত্যাশাও তাদের কাছে বেশি।
একজন স্নাতকের সাফল্যের প্রকৃত মূল্যায়ন শুধু ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং অন্যের জীবনে তিনি কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন, সেটিই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং সততা ও নৈতিকতা সমুন্নত রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সমাবর্তনে ডিগ্রি নেন ২ হাজার ৬৭ শিক্ষার্থী
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।
এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সদস্য, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এবারের সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।




















