মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করলেন হাইকোর্ট
- আপডেট সময় : ০১:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সারাদেশের ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) নেওয়া এ সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।
গভর্নিং বডি বাতিল করেছিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়
এর আগে গত ১৯ অক্টোবর সারাদেশের ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ওই আদেশে বলা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদরাসার বিদ্যমান গভর্নিং বডি বাতিল করা হয়।
অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা
গভর্নিং বডি বাতিলের পাশাপাশি মাদরাসাগুলোতে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনাও দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নতুন কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের কথা বলা হয়।
নির্দেশনা অনুযায়ী, জেলা সদরে অবস্থিত মাদরাসার সভাপতি হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে মনোনয়ন দেওয়ার কথা ছিল। অন্যদিকে জেলা সদরের বাইরে অবস্থিত মাদরাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসককে সভাপতি করার নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া জেলা পর্যায়ের মাদরাসায় বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা পর্যায়ের মাদরাসায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মনোনয়নের কথা জানানো হয়।
দ্রুত কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোর নির্দেশ
বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে আরও বলা হয়েছিল, সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠাতে হবে।
তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন।
আদালতের এ আদেশের ফলে সারাদেশের ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলসংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা আপাতত স্থগিত হলো।



















