মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’: গৃহায়নমন্ত্রী
- আপডেট সময় : ০১:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হচ্ছে আগামী ১৮ আগস্ট থেকে। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। একই সঙ্গে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মাদকবিরোধী র্যালির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
জাকারিয়া তাহের বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। এর কারণে অপরাধ, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় বাড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যুবসমাজকে মাদকের ভয়াল প্রভাব থেকে রক্ষা করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।
কুমিল্লাকে মাদক পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সীমান্তপথে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক প্রবেশ করছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করেও মাদক পাচারের চেষ্টা চলছে। এসব মাদক সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কুমিল্লায় কোনো মাদক কারবারিকে আশ্রয় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করতে প্রতিটি থানায় তথ্যবাক্স স্থাপন করা হবে বলেও জানান জাকারিয়া তাহের। এসব বাক্সে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিষয়ে গোপন তথ্য দেওয়ার সুযোগ থাকবে।
মন্ত্রী বলেন, যারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে মাদক ব্যবসা চালিয়ে গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কুমিল্লায় শুরু হওয়া এই মাদকবিরোধী কর্মসূচি কোনো একদিনের আয়োজন নয়; এটি ধারাবাহিক সামাজিক আন্দোলনে রূপ দেওয়া হবে। মাদকমুক্ত কুমিল্লা গড়তে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, যুবসমাজ, পেশাজীবী ও সুশীল সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মিজ রোজী আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।























