মাদককাণ্ডে পুলিশ সদরদপ্তরের এসপি নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত
- আপডেট সময় : ০১:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়ায় পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরীক্ষায় তার শরীরে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন শনাক্ত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনটি গত ১০ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়।
ডিএসসিএসসি কোর্সে থাকা অবস্থায় অসুস্থ
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। চলতি বছরের ৮ জানুয়ারি তিনি মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে পুলিশ সদরদপ্তর থেকে যান।
কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর অংশ হিসেবে তার ডোপ টেস্টও করা হয়। পরীক্ষার ফলাফলে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডোপ টেস্টের এই ফলাফল ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড অসদাচরণ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে একই বিধিমালার সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদেশে বলা হয়েছে, ৩১ আগস্ট থেকে তার সাময়িক বরখাস্ত কার্যকর হয়েছে।
পাবেন খোরপোষ ভাতা
সাময়িক বরখাস্তের সময়ে আ ফ ম নিজাম উদ্দিন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।




















