বড় ব্যবধানে হেরে ফিফা আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
- আপডেট সময় : ০৫:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পুরো ম্যাচে আক্রমণভাগের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় ৩-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
ম্যাচের শুরু থেকেই মালয়েশিয়া ছিল আক্রমণাত্মক। বিপরীতে বাংলাদেশের খেলায় ছিল ছন্নছাড়া ভাব। ম্যাচের চতুর্থ মিনিটেই কর্নার থেকে আসা বলে গোলের সুযোগ তৈরি করে মালয়েশিয়া। তবে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দ্রুত প্রতিক্রিয়ায় বিপদ সামাল দেন।
এরপর মালয়েশিয়া একের পর এক আক্রমণ চালাতে থাকে। বাংলাদেশের রক্ষণভাগকে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে দেখা যায়। শেষ পর্যন্ত ম্যাচের ১৮তম মিনিটে গোল হজম করে বাংলাদেশ।
মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ে বাংলাদেশের ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইমান। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ তাকে আটকানোর চেষ্টা করেও সফল হননি। গোলরক্ষক শ্রাবণকেও পরাস্ত করে দলকে এগিয়ে দেন আরিফ।
তপুর ভুলে দ্বিতীয় গোল
ম্যাচের ৩৮তম মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আরিফ আইমান। তপু বর্মণের ভুল পাস থেকে বল পেয়ে যান মালয়েশিয়ার এই ফরোয়ার্ড। সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
প্রথমার্ধ শেষ হয় ২-০ গোল ব্যবধানে। বিরতির পর বাংলাদেশ কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি।
দ্বিতীয়ার্ধেও মালয়েশিয়ার গোল
ম্যাচের ৫২তম মিনিটে বাংলাদেশ আরও একবার গোল হজম করে। ডানপ্রান্ত থেকে আসা বল নিয়ন্ত্রণ করে বাম পায়ে রিসিভ করেন ব্রাজিলে জন্ম নেওয়া মালয়েশিয়ান ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো। এরপর ডান পায়ে নেওয়া শট শ্রাবণ ঠেকাতে পারেননি। ফলে ব্যবধান দাঁড়ায় ৩-০।
এরপর গোল শোধের সুযোগ তৈরি করে বাংলাদেশ। ৭৬তম মিনিটে সতীর্থের বাড়ানো বলে ডি-বক্সে ঢুকে পড়েন হামজা চৌধুরী। সামনে শুধু মালয়েশিয়ার গোলরক্ষককে পেয়েও গোল করতে পারেননি তিনি। তার প্রথম শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ফিরতি শটও কর্নারের বিনিময়ে রুখে দেন তিনি।
শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে ৩-০ গোলের বড় হার দিয়ে ফিফা আসিয়ান কাপের মিশন শুরু করল বাংলাদেশ।
























