ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবি
- আপডেট সময় : ০৩:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে অজ্ঞাতপরিচয় একটি ইমেইল পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর কথা উল্লেখ করা হয়েছে ওই বার্তায়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান (TypicalChineseman)’ নামে একটি ইমেইল ঠিকানা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বার্তাটি পাঠানো হয়।
ইমেইলে হামলার হুমকি
ইমেইলে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানো হবে। এতে বিশ্ববিদ্যালয়ের ঠিকানা উল্লেখ করে হামলার হুমকি দেওয়া হয়।
বার্তায় আরও দাবি করা হয়, হামলাকারী বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা হামলা’ চালাবে। পাশাপাশি তাকে দেখা গেলে হামলা ঠেকানো সম্ভব হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের সতর্কতামূলক ব্যবস্থা
পুলিশ সূত্রে জানা গেছে, হুমকির ইমেইল পাওয়ার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্টদের জানায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইমেইলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফরোয়ার্ড করে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
এদিকে, হুমকির বিষয়টি জানাজানি হওয়ার পর একাধিক গোয়েন্দা সংস্থা ঘটনাটি খতিয়ে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাধিক নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কল রিসিভ করেননি।
আতঙ্কিত না হওয়ার পরামর্শ পুলিশের
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি সম্ভাব্য কোনো হুমকি নয়।
তিনি জানান, এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি হুমকির ইমেইলের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ডিবির সাইবার টিম তদন্ত করছে।
























