‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি পেয়েছিলেন মেসি, ঝুঁকিতে ছিলেন রোনালদোও
- আপডেট সময় : ০৩:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
২০২৬ ফুটবল বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোসহ খেলোয়াড়, রেফারি ও বিভিন্ন ম্যাচকে ঘিরে একাধিক গুরুতর নিরাপত্তা হুমকি পাওয়া গিয়েছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও ইন্টারন্যাশনাল পুলিশ কো-অপারেশন সেন্টারের (আইপিসিসি) নিরাপত্তা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপজুড়ে সবচেয়ে বেশি হুমকির লক্ষ্য ছিলেন আর্জেন্টাইন তারকা মেসি। এমনকি তাকে বোমা হামলা করে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।
মার্কার প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনা ও জর্ডানের গ্রুপ পর্বের ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি স্টেডিয়ামে হামলার হুমকি দেন। তিনি দাবি করেন, আরও দুজনকে সঙ্গে নিয়ে হাতে তৈরি বোমা ও একটি এআর-১৫ রাইফেল নিয়ে হামলা চালাবেন। একইসঙ্গে মেসিকে হত্যার হুমকিও দেন তিনি।
আর্জেন্টিনা ও মিসরের শেষ ষোলোর ম্যাচের আগেও একই ধরনের হুমকি আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার হুমকি দেন। ম্যাচ চলাকালে পুলিশকে ফোন করে স্টেডিয়ামের গ্যালারির আবর্জনার বাক্সে বোমা রাখার কথাও জানানো হয়। পরে বোমা শনাক্তকারী কুকুর দিয়ে তল্লাশি চালিয়ে হুমকিটি মিথ্যা প্রমাণিত হয়।
ঝুঁকিতে ছিলেন পর্তুগিজ তারকা রোনালদোও। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, এক সন্দেহভাজন ব্যক্তি রোনালদোর থাকার হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন। পরে হিউস্টন পুলিশ তাকে পর্তুগাল দলের হোটেল থেকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
কানাডার টরন্টোতেও রোনালদোর সঙ্গে একই লিফটে ওঠার চেষ্টা করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার দাবি ছিল, তিনি শুধু রোনালদোর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন।
এ ছাড়া আর্জেন্টিনা-মিসর ম্যাচ পরিচালনার পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ৬ হাজারের বেশি বিদ্বেষপূর্ণ বার্তা পাঠানো হয়। ভিএআর রেফারি উইলি দেলাজোদও হুমকি পান। পরে ফ্রান্সে তাদের বাড়ি ও পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়।



























