বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- আপডেট সময় : ১২:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা প্রক্রিয়ায় নতুন করে অচলাবস্থা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতের যুদ্ধ, হামলা ও বিক্ষোভে হতাহতের ক্ষতিপূরণ দাবি করেন। এ ঘটনায় কৌশলগত এই জলপথ সচলের উদ্যোগ নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে।
এর আগে সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল। মঙ্গলবার (১১ আগস্ট) সেই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে।
এদিন বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ৮৮ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় ৮২ দশমিক ৪৫ ডলারে। গত ৩১ জুলাইয়ের পর উভয় ধরনের অপরিশোধিত তেলের জন্য এটি সর্বোচ্চ বাজারমূল্য।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়তে পারে, যার প্রভাব পড়তে পারে তেলের দামে।
সূত্র: আল জাজিরা


























