বার্সেলোনা-রিয়ালের লা লিগার প্রথম সপ্তাহে না খেলার নেপথ্যে
- আপডেট সময় : ০৩:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু শনিবার থেকে। সবার আগে মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগা। তবে ২০২৬-২৭ মৌসুমের প্রথম সপ্তাহে মাঠে দেখা যাবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে।
বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দেশগুলোর ফুটবলারদের পর্যাপ্ত বিশ্রাম ও প্রাক-মৌসুম প্রস্তুতির সুযোগ দিতে লা লিগা ও স্পেনের খেলোয়াড় ইউনিয়নের (এএফই) সমঝোতায় কয়েকটি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টায় আলাভেস-গেতাফে ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। একই রাতে সেভিয়া মুখোমুখি হবে রায়ো ভায়েকানোর। আগামী বুধবার মালাগার বিপক্ষে খেলবে অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে প্রথম সপ্তাহে মাঠে নামবে না বার্সা-রিয়াল।
সমঝোতা অনুযায়ী, বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দেশের খেলোয়াড়দের মৌসুম শুরুর আগে বাধ্যতামূলক বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে। গত ১৯ জুলাই আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন বিশ্বকাপ জেতায় বার্সেলোনার লামিনে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের মার্ক কুকুরেয়ার মতো বিশ্বকাপ খেলা ফুটবলারদের লা লিগায় নামতে অপেক্ষা করতে হচ্ছে।
ফলে আগামী ২২ আগস্ট এস্পানিওলের মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। একদিন পর ২৩ আগস্ট এলচের মাঠে নামবে বার্সেলোনা। অর্থাৎ, দুই জায়ান্টই মৌসুম শুরু করবে প্রতিপক্ষের মাঠে।
লা লিগার সঙ্গে এএফইর কয়েক মাসের আলোচনার পর গত ৯ জুন উদ্বোধনী সপ্তাহের ম্যাচগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব অনুমোদন করে ক্লাবগুলো। পরে ৩০ জুন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় পুরো মৌসুমের সূচিও অনুমোদিত হয়।
এবার লা লিগার সূচি কিছুটা ব্যতিক্রমী। ১৫ থেকে ৩১ আগস্টের মধ্যে মাত্র একদিন বাদে প্রতিদিনই অনুষ্ঠিত হবে কোনো না কোনো ম্যাচ। তবে প্রথম সপ্তাহে বার্সেলোনা ও রিয়ালের অনুপস্থিতিই থাকবে আলোচনার কেন্দ্রে।























