ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৫:৩২:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
চাঁদপুরের ইলিশসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে ফেসবুকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নড়াইল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন নড়াইলের কালিয়ার হাবিবুর রহমান (৪১) ও রকিবুল হাসান নয়ন (৩৬)।
পুলিশ জানায়, বিভিন্ন ফেসবুক পেজে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা নিয়ে পণ্য সরবরাহ না করে আত্মসাৎ করত চক্রটি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করা হয়।
অভিযানে পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে প্রতারণার কথা স্বীকার করেছেন গ্রেপ্তাররা। চক্রের আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।




















