ফেনীর আল আকসা হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি,
ফেনীর আল আকসা হাসপাতালে এক নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) অনিয়মের অভিযোগ পাওয়ায় সেটি সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জনন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আল আকসা হাসপাতালে যান। সেখানে তিনি হাসপাতাল কর্তৃপক্ষ, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, ওটি ইনচার্জ, নার্স এবং রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন।
এ সময় হাসপাতালের লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র এবং অপারেশন থিয়েটারের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পরিদর্শনে ওটিতে কিছু অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে অপারেশন থিয়েটার সিলগালা করে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানকালে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেক, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইনউদ্দীন, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঘটনাটির সুষ্ঠু তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চিকিৎসাসেবায় যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
হাসপাতালটির এমডি আবদুল মোমিন বলেন, স্বাস্থ্য বিভাগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে। এর আগে আমরা মুখ খুলবোনা।























