ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টিভির সাংবাদিক নিহত
- আপডেট সময় : ০৬:০১:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কাজী আশরাফ নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহামুদুল হাসান অনিক মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে মনসুরাবাদ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাজী আশরাফ গুরুতর আহত হন। আহত হন সঙ্গে থাকা মাহামুদুল হাসান অনিকও।
পরে স্থানীয়রা ও পুলিশ তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কাজী আশরাফের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের এসআই সোহেল রানা বলেন, রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় বাসের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন মারাত্মকভাবে আহত হয়। এ ঘটনার পর দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় ।সেখানে মোটরসাইকেল আরোহী দুজনের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে। এরপর সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুরে একজনে মৃত্যু হয় বলে জানতে পেরেছি। বর্তমানে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ স্থানীয় এলাকায় পৌছালে সাংবাদিকসহ বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া।




















