প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো এনসিপির
- আপডেট সময় : ০৩:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে সমসাময়িক রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগের বিচার এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যের আহ্বান
নাহিদ ইসলাম বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাইয়ের চেতনার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার জন্য সংস্কারকে আলোচনার এজেন্ডায় যুক্ত করার পরামর্শ দিয়েছে এনসিপি। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচারে গুরুত্ব
বৈঠকে আওয়ামী লীগ এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিয়েও আলোচনা হয়েছে। এ সময় ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।
এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে এনসিপি। দলটির মতে, এসব বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া জরুরি।
গঙ্গা চুক্তি ও ভারতের সঙ্গে সম্পর্ক
বৈঠকে গঙ্গা পানিবণ্টন চুক্তি নতুন করে নবায়নের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
নাহিদ ইসলামের দাবি, দেশে চলমান অস্থিরতার সঙ্গে ভারতের সরাসরি সংযোগ রয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও এ বিষয়ে ভারত কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
সংখ্যালঘু নির্যাতন ও ভারতীয় প্রচারণা নিয়ে আলোচনা
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ সরকারের আমলে। ওই সময়ে জায়গাজমি দখলের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
বাংলাদেশবিরোধী প্রচারণার বিষয়ে ভারতকে মোকাবিলায় সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ প্রশ্নে সরকারের দায়িত্ব বেশি। এ বিষয়ে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশের একটি জাতীয় পররাষ্ট্রনীতি থাকা জরুরি।
বৈঠক নিয়ে সন্তুষ্ট কি না জানালেন নাহিদ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি সন্তুষ্ট কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপের ওপর।
তিনি বলেন, সরকার কার্যকর উদ্যোগ নিলেই বৈঠককে ফলপ্রসূ বলা যাবে।






















