প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
- আপডেট সময় : ০৯:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে ঘিরে জেলা শহরসহ আশেপাশের এলাকাগুলোতে চলছে ব্যাপক সাজ সাজ রব। উৎসবের আমেজ তৈরি হয়েছে সবখানে। এটি প্রধানমন্ত্রী হিসেবে টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম সফর।
প্রধানমন্ত্রী টাঙ্গাইলে এসে প্রথমেই মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন। পরে টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করে, দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর তিনি কৃষক সমাবেশে ভাষণ দিবেন। শেষে তিনি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন। তার আগমন উপলক্ষে স্টেডিয়ামে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা সড়কে অবস্থান করবেন। জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী যেসব ভেন্যুতে কর্মসূচি পালন করবেন, সেসব এলাকায় চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে, অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল সদরের এমপি ও মৎস্য এবং প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যেই ভেন্যু পরিদর্শনসহ উদ্ধর্তন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছেন।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষকদের কল্যাণ ও উন্নয়নে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন, দেশের কৃষকদের মাঝে মাইল ফলক হয়ে থাকবে।




















