প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
- আপডেট সময় : ১১:৫৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। রাজনৈতিক জীবনের নানা ঘাত-প্রতিঘাত, আন্দোলন-সংগ্রাম, কারাবাস, নির্বাসন ও দীর্ঘ প্রতীক্ষার পথ পেরিয়ে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে পৌঁছেছেন তিনি।
মহান মুক্তিযুদ্ধের তিন বছর আগে, ১৯৬৭ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরিবারের আদরের ‘পিনু’ নামে পরিচিত তারেক রহমানের জীবনের শুরু থেকেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।
শৈশবে বাবাকে দেখেছেন মুক্তিযুদ্ধে অংশ নিতে। অন্যদিকে মায়ের সঙ্গে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয়েছে তাঁকে। কখনো থাকতে হয়েছে সেনা হেফাজতেও। স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক নানা পরিবর্তনের সাক্ষী হয়েছেন তিনি। দেখেছেন দুর্ভিক্ষ, সিপাহী-জনতার অভ্যুত্থান এবং বাবার রাজনৈতিক উত্থান। তবে কৈশোরে পা রাখার আগেই হারান বাবাকে।
মায়ের সঙ্গে রাজনৈতিক পথচলার শুরু
বাবার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়ার সঙ্গেই বেড়ে ওঠেন তারেক রহমান। স্বৈরাচারবিরোধী আন্দোলন শেষে খালেদা জিয়া সরকারপ্রধান হলে মায়ের রাজনৈতিক কর্মকাণ্ড কাছ থেকে দেখার সুযোগ পান তিনি।
২০০১ সালের পর থেকে বিএনপির রাজনীতিতে আরও সক্রিয় হয়ে ওঠেন তারেক রহমান। সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ান। তাঁর রাজনৈতিক চিন্তাভাবনা ও সাংগঠনিক তৎপরতা দলের ভেতরে তাঁকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যায়।
গ্রেপ্তার, কারাবাস ও দীর্ঘ নির্বাসন
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হন তারেক রহমান। সে সময় কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর শুরু হয় তাঁর দীর্ঘ প্রবাসজীবন।
এদিকে দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার, মামলা, হামলা ও নির্যাতনের অভিযোগ বাড়তে থাকে। গুম ও খুনের ঘটনাও দলটির রাজনৈতিক পরিস্থিতিকে কঠিন করে তোলে। লন্ডনে অবস্থান করেও দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত থাকেন তারেক রহমান।
দীর্ঘ প্রবাসজীবনে ব্যক্তিগতভাবেও নানা শোকের মুখোমুখি হন তিনি। হারান ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। একই সময়ে তাঁর মা বেগম খালেদা জিয়াকেও কারাবন্দি থাকতে হয়।
গণঅভ্যুত্থান ও দেশে প্রত্যাবর্তন
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। এ সময় বিদেশে অবস্থান করেও নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন তারেক রহমান।
দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
তবে দেশে ফেরার পরপরই মা বেগম খালেদা জিয়াকে হারান তিনি। ব্যক্তিগত শোকের মধ্যেও দলের দায়িত্ব ও দেশের রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার কাজে মনোযোগ দেন।
প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায়
এরপর অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।
নির্বাচনের আগে ও পরে দেশজুড়ে বিভিন্ন এলাকায় জনসংযোগ এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরও তাঁর দৈনন্দিন জীবনযাপন ও সরকারি কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
দেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ সংগ্রাম ও প্রবাসজীবনের অভিজ্ঞতা নিয়ে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন তারেক রহমান। দেশের অর্থনীতি, রাজনীতি ও জনজীবনে পরিবর্তন আনার প্রত্যাশার কথা বিভিন্ন সময়ে তুলে ধরেছেন তিনি।
জন্মদিনে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সময় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হবে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।




















