প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
- আপডেট সময় : ১২:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দেশের সব উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নিয়মিতভাবে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে কার্যবিবরণীর একটি অনুলিপি সরকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠাতে হবে।
বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে এ নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনে যা বলা হয়েছে
চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী উপজেলা পরিষদের প্রত্যেক সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।
তবে নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ থেকে আইন অনুযায়ী নিয়মিতভাবে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠানো হচ্ছে না। ফলে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও পর্যবেক্ষণে সমস্যা হচ্ছে।
সোলার প্যানেল ও ডেঙ্গু প্রতিরোধে নজর
স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বিশেষভাবে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি কার্যবিবরণীতে তুলে ধরতে বলা হয়েছে।
একই সঙ্গে উপজেলা পরিষদের ন্যস্ত বিভাগগুলোর সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্যও কার্যবিবরণীতে উল্লেখ করতে হবে।
সচিত্র প্রমাণক সংযুক্তির নির্দেশ
অগ্রাধিকারমূলক কার্যক্রমের ক্ষেত্রে কার্যবিবরণীর সঙ্গে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য রঙিন প্রিন্টে ছবি পাঠাতে হবে।
কোনো উন্নয়নকাজ বাস্তবায়নের আগে ও পরে অবস্থার তুলনামূলক চিত্র থাকলে সেগুলো পাশাপাশি সংযুক্ত করে পাঠানোর কথাও বলা হয়েছে।
ই-মেইল ও হার্ডকপি পাঠাতে হবে
উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নিয়মিতভাবে স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। পাশাপাশি এর হার্ডকপিও স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, উপজেলা পরিষদের কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়মিতভাবে সরকারের নজরে আনা এবং সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের বাস্তবায়ন তদারকি নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।





















