প্রকাশ পেল সিয়ামের ‘আন্ধার’ লুক
- আপডেট সময় : ০৪:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও নির্মাতা রায়হান রাফী দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে কাজ করেছেন। রাফী পরিচালিত নতুন সিনেমা ‘আন্ধার’-এ সিয়ামকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র ডিটেকটিভ দেলোয়ারের ভূমিকায়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশ করা হয়েছে চরিত্রটির প্রথম লুক।
২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সিয়াম ও রায়হান রাফীর। এরপর দুজনের ক্যারিয়ারে এসেছে একাধিক সফল সিনেমা। এবার ভৌতিক গল্পের ‘আন্ধার’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তারা।
নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, প্রতিটি সিনেমায় নায়কদের আলাদা পরিচয়ে উপস্থাপনের চেষ্টা করেন তিনি। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর চরিত্রগুলোর মধ্যে যেমন পার্থক্য রয়েছে, ‘আন্ধার’-এর দেলোয়ারও তেমনই আলাদা।
রাফীর ভাষ্য, এবারই প্রথম তিনি একেবারে ক্লাসিক হিরোয়িক চরিত্র নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। দেলোয়ার এমন একজন নায়ক, যিনি শার্লক হোমস বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে লড়বেন। তবে তার কোনো ব্যক্তিগত স্বার্থ বা প্রতিশোধের উদ্দেশ্য থাকবে না; বরং বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোই হবে তার লক্ষ্য।
দেলোয়ার চরিত্রের জন্য বেশ কয়েকজন অভিনেতাকে বিবেচনা করেছিলেন রাফী। শেষ পর্যন্ত সিয়ামকেই চরিত্রটির জন্য সবচেয়ে উপযুক্ত মনে হয় তার। শুটিং শেষ করার পর নির্মাতার মনে হয়েছে, ‘দেলোয়ার মানেই সিয়াম।’
সাইদুস সালেহীন খালেদ সুমন ও শাকিব চৌধুরীর গল্পে নির্মিত হয়েছে ‘আন্ধার’। সিনেমাটিতে সিয়ামের পাশাপাশি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, গাজী রাকায়েত ও আফসানা মিমিসহ আরও অনেকে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


























