পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, গুলশান-বনানীতে নতুন ওসি
- আপডেট সময় : ০৩:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে কর্মকর্তাদের বদলির তথ্য জানানো হয়।
যেসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে
প্রজ্ঞাপন অনুযায়ী, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসানকে বরিশালে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবিতে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ) বদলি করা হয়েছে।
অন্যদিকে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলে পাঠানো হয়েছে।
কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবিতে বদলি করা হয়েছে। পাশাপাশি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।
৩ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ না দিলে ৪ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
গুলশান ও বনানী থানায় নতুন ওসি
এদিকে, ডিএমপির গুলশান মডেল থানা ও বনানী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির আবু জায়েদ মো. নাজমুন নুরকে গুলশান মডেল থানার ওসি করা হয়েছে। একইভাবে মো. সালাউদ্দিনকে বনানী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।





















