পারমাণবিক হামলা হলে মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের
- আপডেট সময় : ১১:৫৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে বিশ্বজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) চিফ অব স্টাফের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি।
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাকদি বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল হিসেবে প্রমাণিত হতে পারে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরের দিনই বিশ্বজুড়ে থাকা তাদের সামরিক ঘাঁটিগুলো দখল করা হবে।
তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো নয়। বিশ্বের মানুষ এখন সচেতন। কেউ এমন অপরাধ মেনে নেবে না, কারণ পরবর্তী শিকার তারা নিজেরাই হতে পারে।”
তবে ইরানের সামরিক বাহিনী একাই এসব ঘাঁটি দখল করবে, নাকি অন্য কোনো শক্তির সহযোগিতা নেবে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই ইরানি জেনারেল।
সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে নাকদি বলেন, “আমাদের আসল পারমাণবিক বোমা হলো বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়, যা আমরা জুলুমের বিরুদ্ধে লড়াই করে অর্জন করেছি। তাই আমাদের পারমাণবিক বোমার প্রয়োজন নেই।”
মোহাম্মদ রেজা নাকদি আইআরজিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে তিনি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।
সূত্র: তাস





















