পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর
- আপডেট সময় : ১২:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়।
স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তারা অফিসের কাচ ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করে।
অফিসের সাইনবোর্ডে আগুন, থাইগ্লাস ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রথমে শাখা অফিসের সাইনবোর্ডে আগুন দেয়। এরপর অফিসের থাইগ্লাসগুলো ভেঙে ফেলে। যাওয়ার আগে অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।
নৈশপ্রহরীর চিৎকারে আগুন নিয়ন্ত্রণে
ঘটনার সময় অফিসের ভেতরে নৈশপ্রহরী আব্দুল ওহাব দায়িত্ব পালন করছিলেন। আগুন দেখে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে বাসার মালিক, অফিসের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।
পরে তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এজিএম আসাদুজ্জামান। তবে অফিসের সাইনবোর্ড ও কাচ ভাঙচুরের ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশের তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
আসাদুজ্জামান আরও জানান, এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার সকালে পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে।
তিনি জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




















