ন্যায্যমূল্যে সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ
- আপডেট সময় : ০২:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সরকার নির্ধারিত দামে সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আমন চাষিরা। সোমবার (১০ আগস্ট) সকালে জেলার কালীগঞ্জ বাজার এলাকায় কয়েক হাজার কৃষক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
কৃষকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে পাথর ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
আন্দোলনকারী কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে তাদের অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে।
কৃষকেরা জানান, সরকার নির্ধারিত মূল্যে প্রতি বস্তা টিএসপি সার ১ হাজার ৩৫০ টাকা হওয়ার কথা থাকলেও বাজারে তা ২ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ডিএপি সারের নির্ধারিত মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত। এছাড়া প্রতি বস্তা ইউরিয়া সারের সরকারি দাম ১ হাজার ৩৫০ টাকা হলেও তা ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
কৃষকদের দাবি, অতিরিক্ত দামে সার কেনার কারণে আমন ধানের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত না হলে কৃষকরা আরও সংকটে পড়বেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন। তিনি কৃষকদের চাহিদা অনুযায়ী আগামী দুই দিনের মধ্যে সার বিতরণের আশ্বাস দেন।
ইউএনওর আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর কৃষকেরা মহাসড়ক থেকে সরে যান। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে কৃষকেরা জানিয়েছেন, নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা না হলে তারা আবারও মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।






















