নারায়ণগঞ্জে শিক্ষার্থী হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—অনিক, আকাশ খান ও চান্দি বাবু।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু জানান, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শহরের দেওভোগ এলাকায় মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন সীমান্ত। ছিনতাইয়ে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। পরে তার ব্যাগ ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায় তারা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সীমান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা হাজী আলম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী বলেন, তারা উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে এবং দ্রুত তা কার্যকর হবে বলে আশা করছেন। নিহতের বাবা হাজী আলমও রায়ে সন্তোষ প্রকাশ করে মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।





















