ধ্রুব রাঠির পর অভিজিৎ দীপকেসহ আটক শত শত বিক্ষোভকারী
- আপডেট সময় : ১২:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধরপাকড় চালিয়েছে পুলিশ। জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের পর এবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ শত শত বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরুর আগেই এ অভিযান চালানো হয়।
বিমানের ভেতর থেকে আটক অভিজিৎ দীপকে
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর বিমান থেকে নামার আগেই অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় তাঁর সঙ্গে ককরোচ জনতা পার্টির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয়। অভিজিৎ দীপকে বিমানের ভেতর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি ভিডিও সম্প্রচার করেন।
এর আগে গুরুগ্রামে নিজের বাসা থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া ঠেকাতে পুলিশ তাঁকে আটক করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। তবে আটকের পর তাঁদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিক্ষোভের কারণ কী?
ককরোচ জনতা পার্টি দিল্লির যন্তর মন্তরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল। ভোটার তালিকা সংশোধনের নামে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে দলটি এ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকার পরিবর্তন ক্ষমতাসীন বিজেপির নির্বাচনী সুবিধা তৈরি করতে পারে। তবে বিজেপি ও নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়ায় স্থানান্তরিত, খুঁজে না পাওয়া এবং মৃত ব্যক্তিদের নাম শনাক্ত করা হয়েছে।
দিল্লিতে কঠোর নিরাপত্তা
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিল্লিতে বিক্ষোভ ঘিরে প্রায় ২০০ জনকে আটক করা হয়। অন্যদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে আরও অনেককে আটক করার খবর পাওয়া গেছে।
বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং যানবাহনে তল্লাশির খবরও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বিক্ষোভকারীদের দাবি, ভোটার তালিকা সংশোধন নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশের অধিকার রয়েছে। অন্যদিকে, পুলিশ বলেছে, অনুমতিহীন কর্মসূচি ও সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।




















