দেশের টেক্সটাইল শিল্পকে এগিয়ে নিতে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে তাল মিলিয়ে দেশের টেক্সটাইল শিল্পকে এগিয়ে নিতে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি । আন্তর্জাতিক সম্পর্ক, শিক্ষা ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কাজ করার আহ্বানও জানান মন্ত্রী।
জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা অংশ নেন। তথ্য, উদ্ভাবন এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলার নানা দিক তুলে ধরা হয় অনুষ্ঠানে। টেক্সটাইল খাতের উন্নয়ন, প্রযুক্তি ও বৈশ্বিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, টেক্সটাইল খাতের সঙ্গে জড়িত বিজ্ঞানী ও গবেষকরা নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের টেক্সটাইল শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। এতে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের বস্ত্রশিল্পকে আধুনিকায়ন করা সম্ভব।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন শিক্ষা ও গবেষণা খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করবে।

























