দেশে ফেরাতে শেখ হাসিনার সঙ্গে নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান
- আপডেট সময় : ০১:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে তাঁর সঙ্গে নয়, ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, তা নিয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা হচ্ছে না। এ বিষয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে। কারণ, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাঁর শাস্তি হয়েছে। এখন তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে।
প্রত্যর্পণে আইনি বাধা নেই বলে দাবি
প্রেস ব্রিফিংয়ে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা নিজে বাংলাদেশে আসতে চাওয়ায় প্রত্যর্পণের ক্ষেত্রে এখন আর কোনো আইনি বাধা নেই। তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য যে রাষ্ট্রে তিনি অবস্থান করছেন, সেই ভারতের কাছে আবেদন জানানো হয়েছে।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সেই দণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে।
কীভাবে দেশে আনা হবে, সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনায়
শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, সেটিও ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশ বিমানে আনা হবে, নাকি ভারতের বিমানে হস্তান্তর করা হবে, সেটি পরবর্তী সময়ে ঠিক হবে। এমনকি কী প্রক্রিয়ায় তাঁকে হস্তান্তর করা হবে, তা নিয়েও ভারতের সঙ্গে আলোচনা হবে।
জাহেদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস, বাংলাদেশে আসার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার কথা বলছেন না। তাঁকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে হবে।
শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে উপদেষ্টা
শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে বলে দেখানোর চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান। তাঁর ভাষায়, এসব ‘ব্লাফ’।
তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। এ ক্ষেত্রে ভারতের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়েই আলোচনা হবে।




















