দু-একটি বাদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১০:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
দু-একটি বাদে বিগত অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দিতে যাচ্ছে বিএনপি সরকার। এমনকি গণভোটও বৈধতা পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর যেসব অধ্যাদেশ উপস্থাপনই হয়নি, সেগুলো নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান আইনমন্ত্রী।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টির মধ্যে ৯৭টি অধ্যাদেশ হুবহু আগের মতোই পাস হয়েছে। ১৩টি অধ্যাদেশ সংশোধন করা হয়েছে এবং ৭টি অধ্যাদেশ রহিতকরণ-সংক্রান্ত বিল হিসেবে উপস্থাপন করা হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়নি। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সরকার এসব ‘অধ্যাদেশ বাদ দিয়েছে’ বলে কিছু মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন আইনমন্ত্রী। তাঁর মতে, আইনগুলোর প্রস্তাবনায় স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও অনেকে তা উপেক্ষা করছেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এরই মধ্যে বিরোধীদল বেশ কয়েকবার ওয়াকআউট করেছে। সংসদের বিধি অনুযায়ী সেটা করতেই পারে। কিন্তু যেসব ইস্যুতে ওয়াকআউট করেছে তার বেশকিছু তথ্য সঠিক ছিল না।
গুম, মানবাধিকার এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে আরো ভালো আইন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।






















