তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি, যুক্তরাষ্ট্রে চীনা নারী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের যুক্তরাষ্ট্রে বসবাসকারী ছেলে লাই টিং-ইউর ওপর নজরদারির অভিযোগে চীনা বংশোদ্ভূত এক নারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। ওয়ানইং হিদার ঝাং নামের ওই নারীর বিরুদ্ধে বিদেশি সরকারের অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর (এলএএক্স) থেকে ৩৪ বছর বয়সী ঝাংকে গ্রেপ্তার করা হয়। তিনি ক্যালিফোর্নিয়ার ইরভিনের বাসিন্দা এবং পেশায় রিয়েল এস্টেট এজেন্ট।
প্রেসিডেন্টের ছেলের বাড়ির ছবি তোলার অভিযোগ
লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে ঝাং ও তার এক সহযোগী ওয়াশিংটনের সিয়াটলে যান। সেখানে তারা তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলে লাই টিং-ইউর পরিবারের বাসার ছবি তোলেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ১ সেপ্টেম্বর ঝাং ও ‘ইন্ডিভিজুয়াল-১’ নামে পরিচিত এক ব্যক্তি লাস ভেগাস থেকে সিয়াটলে যান। পরে তারা একটি কালো নিসান রোগ গাড়ি ভাড়া করে টিং-ইউর বাড়ির কাছে অবস্থান নেন।
প্রতিবেশীর নিরাপত্তা ক্যামেরার ফুটেজে ওই দুজনকে টিং-ইউ, তার স্ত্রী ও সন্তান বাড়িতে ফেরার সময় ভিডিও ধারণের চেষ্টা করতে দেখা গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
চীনা কর্মকর্তাকে তথ্য দেওয়ার অভিযোগ
এফবিআইয়ের দাবি, ঝাং চীনা সরকারের এক কর্মকর্তাকে উইচ্যাটে বার্তা পাঠিয়ে টিং-ইউকে দেখার কথা জানান। ওই বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমি ভিডিও ধারণ করছি।’ একই সঙ্গে দুটি গাড়ির নম্বরপ্লেটও পাঠান তিনি।
এফবিআই জানিয়েছে, আদালতের অনুমতি নিয়ে ঝাংয়ের আইক্লাউড অ্যাকাউন্টে তল্লাশি চালানোর পর এসব বার্তা উদ্ধার করা হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ২০২৫ সালের জুনে ঝাংকে তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান বেইজিংয়ের ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল রিলেশনসের এক সহপাঠীর মাধ্যমে চীনা সরকারের এক কর্মকর্তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে চীনের চাংশায় ওই কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের সময় তাকে নজরদারির দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগ।
সংঘাতের সময় চাপ তৈরির আশঙ্কা
এফবিআইয়ের বিশেষ এজেন্ট কেভিন হল্টের ভাষ্য, চীনা কর্মকর্তারা তাইওয়ানের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ স্বজনদের অবস্থান, বাড়ি ও গাড়ির ছবি সংগ্রহ করতে পারেন। ভবিষ্যতে কোনো সংঘাত তৈরি হলে এসব তথ্য প্রেসিডেন্টের ওপর চাপ প্রয়োগের কাজে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে, নজরদারির লক্ষ্য ছিলেন লাই টিং-ইউ। তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এবং বর্তমানে নেদারল্যান্ডসভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফিলিপসে কাজ করছেন। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে।
যুক্তরাষ্ট্রে চীনা গোয়েন্দা তৎপরতার অভিযোগ
যুক্তরাষ্ট্রে চীনা সরকারের হয়ে গোয়েন্দা তৎপরতার অভিযোগ নতুন নয়। ২০২৪ সালে নিউইয়র্কে চীনের গণতন্ত্রপন্থী একটি সংগঠনে অনুপ্রবেশ করে চীনের স্টেট সিকিউরিটি মন্ত্রণালয়কে তথ্য দেওয়ার অভিযোগে শুজুন ওয়াং দোষী সাব্যস্ত হন।
এর আগে ২০২৩ সালে ম্যানহাটনে একটি অনানুষ্ঠানিক চীনা পুলিশ স্টেশনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চীনা নিরাপত্তা সংস্থার কথিত ‘অপারেশন ফক্স হান্ট’ নিয়েও সতর্ক করেছে মার্কিন বিচার বিভাগ। এই কর্মসূচির মাধ্যমে বিদেশে থাকা চীনা ভিন্নমতাবলম্বীদের চীনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
তাইওয়ান নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে। অন্যদিকে চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে মনে করে। এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চলছে।

























