ঢাকায় আসছেন বলিউড তারকা নোরা ফাতেহি
- আপডেট সময় : ১০:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ১৮২৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো ঢাকায় আসছেন জনপ্রিয় বলিউড তারকা নোরা ফাতেহি। তিনি ‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে অংশ নেবেন। ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন। অনুষ্ঠানে পুরস্কার বিতরণও করবেন নোরা ফাতেহি। এই অনুষ্ঠানের আয়োজন করেছে উইমেনস লিডারশিপ কর্পোরেশন।
নোরা ফাতেহি একটি ভিডিও বার্তায় বলেন, ‘১৮ নভেম্বর তিনি ঢাকা আসছেন। এ সময় আয়োজকদের এই অনুষ্ঠান আয়োজনের জন্যে প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের সঙ্গে দেখা করার জন্যে আমি মুখিয়ে আছি।
নোরাকে ঢাকার আনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন উইমেনস লিডারশিপ কর্পোরেশনের সভাপতি ইসহরাত জাহান মারিয়া। অনুষ্ঠানটির সঙ্গে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাক লিফ। সেই সূত্রে জানা যায়, দেড় হাজারের অধিক মানুষ সেখানে উপস্থিত থাকবেন।
ব্ল্যাক লিফের চেয়ারম্যান সৈকত জোয়ারদার গণমাধ্যমকে বলেন, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আয়োজনে নোরা ফাতেহি অংশ নেবেন। সেখানে অতিথি হিসেবে থাকার কথা রয়েছে আসাদুজ্জামান খান কামাল (স্বরাষ্ট্রমন্ত্রী), জুনাইদ আহ্মেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রতিমন্ত্রী)সহ অনেকের। আমন্ত্রণপত্র ছাড়া কেউ এই অনুষ্ঠানে প্রবেশ করতে পারবে না।’

















