ঢাকার নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে এক মাসের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সাংবাদিকদের জানান, আগামী এক মাসের মধ্যে নদীদূষণ রোধে কার্যকর কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে হবে।
তিনি বলেন, নদীর দূষণ যাতে আর না বাড়ে, সে লক্ষ্যে দূষণকারী শিল্পকারখানায় বাধ্যতামূলকভাবে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যারা এ নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আবদুস সালাম বলেন, নদী রক্ষা করা না গেলে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাই দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণমুক্ত করার কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য নদীতেও একই ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ-আল-মাকসুস, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























