ডিএনসিসির মশক নিধন কার্যক্রমে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
- আপডেট সময় : ০১:১৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশক নিধন কার্যক্রমে ওষুধ ও যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সমন্বয়ে উপসহকারী পরিচালক হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম ডিএনসিসিতে এ অভিযান পরিচালনা করে।
ওষুধ ও যন্ত্রপাতি কেনাকাটার তথ্য যাচাই
দুদক সূত্রে জানা গেছে, ডিএনসিসির মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত ওষুধ ও যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের অভিযোগ উঠেছে। পাশাপাশি মানহীন ও কার্যকারিতাহীন কীটনাশক কেনা এবং বিভিন্ন কর্মসূচির নামে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগও রয়েছে।
এসব অভিযোগ যাচাই করতে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করছে দুদকের টিম। একই সঙ্গে মশক নিধন কার্যক্রমের ক্রয়সংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন নথিও খতিয়ে দেখা হচ্ছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
ডিএসসিসিতেও অভিযান চালিয়েছিল দুদক
এর আগে গত ১৬ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও (ডিএসসিসি) মশক নিধন কার্যক্রম নিয়ে অভিযান চালায় দুদক।
মশা নিধনের জন্য ভেজাল কীটনাশকের নামে কেরোসিন সরবরাহ, বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় অবৈধ দখলদারিত্ব ও চাঁদাবাজিসহ শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছিল সংশ্লিষ্ট সূত্র।
অভিযোগ রয়েছে, ঠিকাদারি চক্র, ল্যাব কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মশক নিধন কার্যক্রমের নামে সরকারি অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন—দুই সংস্থাতেই একই ধরনের অভিযোগ ওঠার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জালালাবাদ গ্যাসেও দুদকের অভিযান
এদিকে সিলেট অঞ্চলে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগেও অভিযান চালাচ্ছে দুদক।
গ্রাহকের লেজারে পরিশোধিত বিলের তথ্য পরিবর্তন বা কারসাজি করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, সিলেট অভিযান পরিচালনা করছে।
দুদক জানিয়েছে, এসব অভিযানে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নথি ও তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অভিযোগের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


























