টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: আসিফ নজরুল
- আপডেট সময় : ১২:০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কেন অংশ নেয়নি, তা নিয়ে তৈরি তদন্ত প্রতিবেদন প্রকাশের পর মুখ খুলেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ভারতে বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি মূলত তারই ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে আসিফ নজরুল বলেন, ক্রীড়ামন্ত্রী হিসেবে তখনকার পরিস্থিতি বিবেচনায় তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। বিষয়টি তিনি একাধিকবার প্রকাশ্যেও জানিয়েছেন। তাই এতদিন পর ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্তের কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
নিরাপত্তা নিয়ে শঙ্কা
আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতির অবনতি হয়। এরপর বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়।
তিনি দাবি করেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রাথমিক প্রতিবেদনেও ভারতে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উঠে এসেছিল। সেখানে তিনটি বিষয়কে ঝুঁকির কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
এর মধ্যে ছিল বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমানের থাকা, বাংলাদেশের সমর্থকদের ভারতে চলাফেরা এবং বাংলাদেশে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি।
বিকল্প ভেন্যুর চেষ্টা
আসিফ নজরুল বলেন, বাংলাদেশ শেষ পর্যন্ত অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলার জন্য চেষ্টা করেছিল। কয়েকটি দেশ থেকেও তারা সমর্থন পেয়েছিল বলে দাবি করেন তিনি। তবে শেষ পর্যন্ত বিকল্প ভেন্যুতে খেলার ব্যবস্থা করা সম্ভব হয়নি।
তার দাবি, বাংলাদেশকে ভারতে নিয়ে যাওয়ার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি।
তিন কারণে সিদ্ধান্ত
বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পেছনে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল বলে জানান আসিফ নজরুল। এগুলো হলো দেশের মর্যাদা, ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা।
তিনি বলেন, সে সময় আশঙ্কা করা হয়েছিল বিশ্বকাপে না খেললে বিদেশি দলগুলোর সঙ্গে বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন উদ্যোগে সেই আশঙ্কা শেষ পর্যন্ত দূর হয়েছে বলে দাবি করেন তিনি।
‘আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম’
আসিফ নজরুলের মতে, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল। তার ভাষায়, বাংলাদেশ ছোট দেশ হলেও কেউ ইচ্ছেমতো অপমান করবে এবং বাংলাদেশ তা মেনে নেবে—এমন প্রত্যাশা ঠিক নয়।
তিনি বলেন, ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান তিনি। তবে মাথা নত করে সবকিছু মেনে নেওয়ার পক্ষে নন।


























