টাঙ্গাইলে পাঁচ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ
- আপডেট সময় : ১২:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৮৮৯ বার পড়া হয়েছে
এক বছরের কাজ গড়িয়েছে পাঁচ বছরে, তবুও শেষ হয়নি টাঙ্গাইলের বাসাইল উপজেলার একটি সেতুর নির্মাণ কাজ। উদ্বোধনের আগেই বৃষ্টির তোড়ে ধসে পড়েছে সেতুটির সংযোগ সড়ক। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার সৈদামপুর কাঠালতলি বাজার থেকে কুড়াতলি প্রাইমারি স্কুল সড়ক। এই পথেই যাতায়াত করেন প্রায় অর্ধশতাধিক গ্রামের মানুষ। জনদুর্ভোগ লাঘবে ২০২১ সালে শুরু হয় ৭০ মিটার দীর্ঘ এই আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ। ৪ কোটি ৫৫ লাখ টাকার এই প্রকল্প এক বছরে শেষ হওয়ার কথা থাকলেও পার হয়ে গেছে দীর্ঘ ৫ বছর। অভিযোগ উঠেছে, দীর্ঘসূত্রতার পর তড়িঘড়ি করে কাজ শেষ করতে গিয়ে মানা হয়নি সঠিক নিয়ম। ফলে কয়েক দিনের টানা বৃষ্টিতেই ধসে পড়েছে সেতুর সংযোগ সড়ক। এতে এলাকাবাসীর চলাচলের সুফল পাওয়ার বদলে বেড়েছে চরম ভোগান্তি। উদ্বোধনের আগে সেতুর এমন জরাজীর্ণ অবস্থা দেখে নির্মাণকাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

















