টরন্টোতে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি
- আপডেট সময় : ০৫:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
কানাডার টরন্টোয় বাংলাদেশি প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ডানফোর্থ এলাকার বিডি ফিউশনে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) কানাডা শাখা আয়োজিত সেমিনারে এ দাবি জানান বক্তারা।
‘বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন এইচআরপিবির কেন্দ্রীয় সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। কানাডা শাখার সভাপতি আফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. শহীদ উদ্দিন, কানাডার ডিপ্লোম্যাটিক প্রটোকল কনসালটেন্ট রশিদ খান, কমিউনিটি নেতা ব্যারিস্টার আলমগীর, মন্ট্রিল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. মোরসালিন, ক্লাইমেট চ্যানেলের সিইও সঞ্জয় চাকী এবং কানাডার লিবারেল পার্টির ভাইস প্রেসিডেন্ট এহসানুল হাফিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচআরপিবি কানাডা শাখার সেক্রেটারি সালমান আরেফিন।
বক্তারা বলেন, কানাডায় বসবাসরত বাংলাদেশিরা দেশে সম্পত্তি, বিনিয়োগসহ বিভিন্ন অধিকারসংক্রান্ত জটিলতার মুখোমুখি হন। এসব সমস্যার দ্রুত ও সহজ আইনি প্রতিকার নিশ্চিত করতে বাংলাদেশে পৃথক প্রবাসী ট্রাইব্যুনাল প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে মনজিল মোরসেদ বলেন, প্রবাসীদের সম্পত্তিসহ বিভিন্ন অধিকার লঙ্ঘনের ঘটনায় এইচআরপিবির পক্ষ থেকে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। তবে প্রচলিত আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অনেক ক্ষেত্রে প্রবাসীরা দ্রুত প্রতিকার পান না। তাই অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, প্রবাসীদের অধিকার নিশ্চিত করা না গেলে বাংলাদেশে তাদের বিনিয়োগ ও রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দ্রুত ট্রাইব্যুনাল গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আফিয়া বেগম বলেন, কানাডায় বসবাসকারী অনেক বাংলাদেশি দেশে তাদের সহায়-সম্পত্তি ও বিনিয়োগ নিয়ে জটিলতার সম্মুখীন হন। এসব সমস্যা দ্রুত সমাধানে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করে তাদের অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
























