গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনবিরোধী বক্তব্য
জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন তিন সাংবাদিক
- আপডেট সময় : ০১:০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনবিরোধী বক্তব্য ও প্রচারণার মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে তিন সাংবাদিক- শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে আসামি করা হচ্ছে।
আগামী ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাদের হাজির করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পর এ আদেশ দেওয়া হয়। আদালতে হাজির করা হলে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওই তিন সাংবাদিক মামলায় বর্ণিত অপরাধে প্ররোচনা দিয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তারা একটি ‘কাউন্টার ন্যারেটিভ’ তৈরি করেছিলেন এবং বিভিন্ন গণমাধ্যমে আন্দোলনবিরোধী প্রচারণা চালিয়েছিলেন।
ওই সময় মোজাম্মেল হক বাবু একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা চ্যানেলটির প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে শ্যামল দত্ত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
জুলাই গণ-অভ্যুত্থানে সাংবাদিক, লেখকসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের বিরুদ্ধে আন্দোলনে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পৃথকভাবে তদন্ত করছে।
এদিকে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বর ও নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর দমন-পীড়নের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা বিচারের মুখোমুখি হচ্ছেন।






















