জামায়াত সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে
- আপডেট সময় : ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও তাদের কিছু কর্মকাণ্ডে সরকারকে ব্যর্থ করার চেষ্টা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জামায়াতকে নিয়ে রাশেদ খাঁনের অভিযোগ
রাশেদ খাঁন বলেন, জামায়াত মুখে সরকারকে সহযোগিতা করার কথা বললেও তাদের কর্মকাণ্ড নিয়ে জনমনে সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে। তার দাবি, একদিকে সরকারকে সহযোগিতার কথা বলা হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ১৯৯৬ সালের মতো আন্দোলনের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তাদের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন। ইসলামি রাজনীতির কথা বলে এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে ইসলামী মূল্যবোধ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
হেফাজতের আমিরের বক্তব্যের প্রসঙ্গ
রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনের আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী মূল্যবোধের বিষয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। বিশেষ করে ইসলামের নাম ও লেবাস ব্যবহার করে যারা ইসলামের ক্ষতি করছে, তাদের কর্মকাণ্ড নিয়ে তিনি জনগণকে সচেতন করেছেন।
তার ভাষ্য, ‘জান্নাতের টিকিট’ বিতরণের নামে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা হয়েছিল, সে বিষয়েও হেফাজতের আমির বক্তব্য দিয়েছেন। এতে বিভ্রান্তির মধ্যে থাকা অনেকে সচেতন হওয়ার সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
শাপলা চত্বরের ঘটনায় বিচারের দাবি
শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী ও মাদরাসার শিক্ষার্থীদের ওপর যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল, তার বিচারে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান সরকারকে সহযোগিতা করা সবার দায়িত্ব বলেও হেফাজতে ইসলামের আমিরের বক্তব্যের কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে যারা ছিলেন
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাশেদ খাঁন বলেন, মাঠপর্যায়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। তিনি রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে দায়িত্বশীলতার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি ফয়সাল হাবিব, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম লাভলু প্রমুখ।





















