জামালপুরে ছয় মামলার রায়, তিন আসামির যাবজ্জীবন
- আপডেট সময় : ০৪:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ ছয়টি মামলার পৃথক রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় অপহরণ, ধর্ষণ ও যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম পৃথক মামলাগুলোর রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর সদর থানার একটি মামলায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছানোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্য একটি মামলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সিরাজুল নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বকশীগঞ্জের একটি অপহরণ মামলায় মোখলেছ ও মমিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই ঘটনায় নাবালক আসামি মিন্টু মিয়াকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়।
অন্যদিকে, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় আজিজুর রহমানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষ জানায়, ছয়টি মামলায় মোট ছয়জন আসামি ছিলেন। তাদের মধ্যে দুইজন পলাতক রয়েছেন।
























