জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৪:১২:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ভারতের সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে কোনো দেশের সঙ্গেই জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ, কারণ দেশটি বাংলাদেশের প্রতিবেশী। তবে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে। জাতীয় স্বার্থ নিশ্চিত করে আলোচনার ভিত্তিতে সঠিক সময়ে ভারত সফর করা হবে।
শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলছে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই বিষয়টি নতুন কোনো সিদ্ধান্ত নয়; এটি চলমান প্রক্রিয়ার অংশ।
ভারতে অবস্থানরত অন্য অপরাধীদেরও দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করা হবে বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থের বিষয়ে ঐকমত্য হলে আগামী সপ্তাহেও ভারত সফর হতে পারে, আবার পরের সপ্তাহেও হতে পারে। এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পর্যায়ের সফর হুট করে আয়োজন করা সম্ভব নয়। এ ধরনের সফরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি, আলোচনা ও সমন্বয় করতে হয়। দুই দেশের সরকারপ্রধানের বৈঠককে শুধু আনুষ্ঠানিকতা হিসেবে দেখার সুযোগ নেই; এর পেছনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যাপ্ত প্রস্তুতি থাকে।


























