জনপ্রিয় হচ্ছে শতবর্ষী মাছের বাজার কিশোরগঞ্জের বালিখোলা
- আপডেট সময় : ০৬:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে শতবর্ষী মাছের বাজার কিশোরগঞ্জের বালিখোলা। পাশের জেলা নেত্রকোনা ও সুনামগঞ্জ হাওরের মিঠা পানির মাছও বিক্রি হয় এই পাইকারি বাজারে। সকাল থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম হয়ে উঠে ধনু নদীর তীর। এখান থেকে নানা প্রজাতির তরতাজা মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। প্রতিদিন বেচাকেনা হচ্ছে কোটি টাকার মাছ।
ভোরের আলো ফোটার আগেই, হাওরের প্রবেশ দ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের ধনু নদীর তীরের বালিখোলা বাজারে; নৌকা বোঝাই করে তরতাজা মাছ নিয়ে আসে, বিক্রেতারা। পাইকারি এ বাজারে মিলছে রুই, কাতল, বোয়াল, আইড়, বাইম,গুলসা, চিংড়িসহ নানা জাতের মাছ। ভোর ছ’টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলে বেচাকেনা।
প্রতিযোগিতামূলক দরদামে ক্ষুদ্র জেলে থেকে শুরু করে খামারের মালিকদের কাছ থেকে মাছ কেনে পাইকাররা। এরপর, সেগুলো পাঠানো হয় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।
জেলার ইটনা,মিঠামইন,অষ্টগ্রাম উপজেলা ছাড়াও, সুনামগঞ্জ-নেত্রকোনার বিভিন্ন হাওরের মাছ এ বাজারে বিক্রি হয়। বাজারের অন্তত ৫০টি আড়তে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ কেনাবেচা হয় বলে জানান, বাজারের সভাপতি।
স্থানীয়রা জানান, প্রায় দেড়’শ বছর আগে এ বাজারে মাছ বেচাকেনা শুরু হয়। বর্তমানে বালিখোলা থেকে রৌহা পর্যন্ত প্রশস্ত উঁচু পাকা সড়ক হওয়ায় মাছ সবেরাহ করা আরও সহজ হয়েছে।

























