চূড়ান্ত কোয়ার্টার-ফাইনালের লাইন-আপ, বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
- আপডেট সময় : ০১:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে মালয়েশিয়া। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বৃষ্টির কারণে ওমান ও মালয়েশিয়ার ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে মালয়েশিয়া।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিশিনে ওমান ও মালয়েশিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে।
গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মালয়েশিয়ার পয়েন্ট দাঁড়ায় তিন। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকেই কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা। দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে হংকং, চায়না। আর এক পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে ওমান।
আইসিসি র্যাঙ্কিংয়ের কারণে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল। গ্রুপপর্বের খেলা শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে শেষ আটের লাইন-আপ।
বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
বাংলাদেশের জন্য মালয়েশিয়া অবশ্য নতুন কোনো প্রতিপক্ষ নয়। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের এখন পর্যন্ত একবারই দেখা হয়েছে। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ে সেমিফাইনালে উঠেছিল টাইগাররা।
এবারও শেষ আটে মুখোমুখি হচ্ছে দুই দল। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় নিশিনে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
কোয়ার্টার-ফাইনালের পূর্ণ সূচি
প্রথম কোয়ার্টার-ফাইনালে সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে পাকিস্তান ও হংকং, চায়না। একই দিন সকাল ১১টায় দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে খেলবে ভারত ও আফগানিস্তান।
মঙ্গলবার ভোর ৬টায় তৃতীয় কোয়ার্টার-ফাইনালে নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। একই দিন সকাল ১১টায় চতুর্থ ও শেষ কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে মালয়েশিয়া।
এদিকে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় জাপানের বিদায় নিশ্চিত হয়েছে। নেপাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে। শেষ আটে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তানের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।




















