চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার
- আপডেট সময় : ০৫:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথকে (১৩) বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
রাতুল ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে।
বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পর রাতুল নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের কয়েক ঘণ্টা পর ওই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস দেখা যায়। বিষয়টি পরিবারের নজরে এলে উদ্বেগ আরও বেড়ে যায়। সম্প্রতি কুমিল্লায় একটি হত্যাকাণ্ডের ঘটনায়ও পরিবারের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।
জিডির পর পুলিশের অভিযান
পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় রাতুলকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।
মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল কাজ শুরু করে। দলে ছিলেন এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত
পুলিশ জানায়, বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে শনাক্ত করা অবস্থানের ভিত্তিতে বান্দরবান সদর থানার আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে অভিযান চালানো হয়।
অভিযান চালিয়ে সেখান থেকে রাতুলকে উদ্ধার করে পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের যেকোনো বিপদে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।




















