চট্টগ্রাম কারাগারে বন্দিদের জন্য চালু হলো ইন্টারকম
- আপডেট সময় : ০৬:৫৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সাথে স্বজনদের সাক্ষাতের প্রক্রিয়ায় যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। দীর্ঘ ভোগান্তির পর দেশের দ্বিতীয় বৃহত্তম কারাগারটিতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ইন্টারকম টেলিফোন সেবা।ফলে বন্দি ও স্বজনদের আর কথা বলতে ভোগান্তি হচ্ছে না। স্বজনদের সাথে সরাসরি এবং স্পষ্টভাবে কথা বলতে পারছেন বন্দিরা।
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলো বন্দীদের সাথে স্বজনের যোগাযোগের ভোগান্তি। সবার সামনেই উচ্চস্বরে কথা বলতে হতো। এতে গোপনীয়তা বজায় থাকত না। তাই ভোগান্তি দূর করতে চালু করা হয়েছে ওয়ান-টু-ওয়ান ইন্টারকম সেবা।
নতুন এই ইন্টারকম সিস্টেম এর ফলে দুই প্রান্তে থাকা বন্দি ও স্বজনরা রিসিভারের মাধ্যমে কথা বলতে পারবে। এর ফলে সাক্ষাৎ কক্ষে আগের মতো হট্টগোল হবে না।
কারা অধিদপ্তরের অনুমোদনে বেসরকারী একটি প্রতিষ্ঠানের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে কারাগারের নিচতলায় দুই পাশে ১৬টি করে মোট ৩২টি ইন্টারকম সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দ্বিতীয় তলাতেও সম্প্রসাণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের প্রক্রিয়ায় ইন্টারকম সেবা চালু একটি বড় পদক্ষেপ। পর্যায়ক্রমে এ পরিধি আরো বাড়ানো হবে।




















