জালিয়াতি ও ঘুষ প্রদানের অভিযোগে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে চলা ফৌজদারি মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচার বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
নিউইয়র্কের ব্রুকলিন জেলা আদালতে মামলাটি চলছিল। বিচার বিভাগের একাধিক ফেডারেল প্রসিকিউটর মামলাটি খারিজের আবেদন করলে শুনানি শেষে বিচারক নিকোলাস গারাউফি সেই আবেদন মঞ্জুর করেন।
তবে মামলা প্রত্যাহারের কারণ নিয়ে প্রসিকিউটরদের কাছে ব্যাখ্যা চান বিচারক। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের আদানির প্রতিশ্রুতির সঙ্গে মামলা খারিজের সিদ্ধান্তের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। কারণ, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইতিহাসে একাধিক ফেডারেল প্রসিকিউটরের মাধ্যমে কোনো ফৌজদারি মামলা খারিজের আবেদনকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
জবাবে প্রসিকিউটররা জানান, এটি বিচার বিভাগের সিদ্ধান্ত এবং তারা সেই সিদ্ধান্ত অনুযায়ী আদালতে আবেদন করেছেন।
২০২৪ সালের ২০ নভেম্বর গৌতম আদানি, তার ভাতিজা সাগর আদানি এবং তাদের সাত সহযোগীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছিল, ভারতের একটি বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি পেতে দেশটির কয়েকজন কর্মকর্তাকে প্রায় ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দেওয়া হয়েছিল। অভিযোগ ছিল, ওই সুবিধা আদানি গ্রিন এনার্জির জন্য প্রকল্পের কাজ নিশ্চিত করতে ব্যবহার করা হয়।
মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, প্রকল্প পাওয়ার পর বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য আদানি গ্রিন এনার্জি বন্ড ছাড়ে এবং নিজেদের দুর্নীতিবিরোধী কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়।
এর আগে গত ১৮ মে গৌতম আদানিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তার আইনজীবী রবার্ট গিউফ্রা দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনার ক্ষেত্রে মামলাটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। পরে ওই মামলা পুরোপুরি খারিজ হলো।
মামলা খারিজের পর বিচারক গারাউফি বিচার বিভাগের সিদ্ধান্তের কিছু অসঙ্গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। লিখিত আদেশে তিনি বিচার বিভাগের প্রিন্সিপাল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ট্রেন্ট ম্যাককোটারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন।
রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গৌতম আদানি মার্কিন বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে রায়কে স্বাগত জানান।
উল্লেখ্য, মামলার কার্যক্রম চলাকালে গৌতম আদানি একবারও আদালতে হাজির হননি।